# বাংলাদেশের ১২ লাখ রোহিঙ্গার দৃষ্টি হেগের আদালতে

- Link: https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d/
- Published: 2026-11-19T11:25:18+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**আন্তর্জাতিক ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর চালানো নৃশংসতার অভিযোগে দায়ের করা 
গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক
বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ সাত বছর ধরে চলা এ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী।
বিশেষ করে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর কাছে
এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায়(
বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের জনসম্মুখে রায় ঘোষণা শুরু হওয়ার কথা রয়েছে। আদালতের
সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠ করবেন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠার
ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের
বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা
মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক
অভিযানে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ওই অভিযানের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন
এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা
বাংলাদেশে পালিয়ে আসে।

মামলায় গাম্বিয়ার প্রধান দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায় শুধু সেনাবাহিনীর
নয়, বরং রাষ্ট্র হিসেবে মিয়ানমারকেও এর জবাবদিহি করতে হবে। দেশটি আদালতের কাছে গণহত্যা
সনদ লঙ্ঘনের দায় নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ
বন্ধে কার্যকর নিশ্চয়তা চেয়েছে।

অন্যদিকে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক
অভিযান ছিল সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত নিরাপত্তা অভিযান। তবে 
জাতিসংঘের অনুসন্ধানী মিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওই অভিযানে ব্যাপক
হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নথিবদ্ধ করেছে।

২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যা থেকে সুরক্ষা
দিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল। পরবর্তী সময়ে মিয়ানমারের 
প্রাথমিক আপত্তি খারিজ করে আদালত মামলাটি গ্রহণযোগ্য বলেও সিদ্ধান্ত দেয়। ২০২৬ সালের
১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালত রায়
প্রস্তুতের জন্য বিচারিক কার্যক্রম শুরু করে।

মামলাটির গুরুত্ব আরও বেশি এ কারণে যে, আন্তর্জাতিক বিচার আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে
সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী ঘোষণা করেনি। ফলে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার 
এই মামলার রায় আন্তর্জাতিক আইনে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। একই সঙ্গে রাষ্ট্রের
গণহত্যার দায়, আন্তর্জাতিক জবাবদিহি এবং গণহত্যা প্রতিরোধে ১৯৪৮ সালের সনদের কার্যকারিতা
নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে।

আইসিজে ব্যক্তির ফৌজদারি বিচার করে না; রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ এবং আন্তর্জাতিক
আইন লঙ্ঘনের দায় নির্ধারণ করে। আদালতের রায় চূড়ান্ত ও আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নের
ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য এই রায় বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘদিন ধরে তারা
নিজ দেশে প্রত্যাবাসন, নাগরিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছে। 
আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ অধিকার ও নিরাপদ প্রত্যাবাসনের 
প্রশ্নে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

**আরও পড়ুন:**

 * [গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/)
 * [রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be/)
