কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বাস ও স্যালোইঞ্জিনচালিত খড়িবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ‘পদ্মা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রাতে শৈলকুপার বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক (ঝিনাইদহ) থেকে আসা একটি খড়িবোঝাই স্যালোইঞ্জিনচালিত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা অন্তত ২৫ জন যাত্রী আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।