# ঝিনাইদহে সড়ক প্রশস্তকরণে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৫ লাখ টাকায়

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/shailkupa/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3/
- Published: 2026-11-18T23:23:12+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**শৈলকুপায় ২ দশমিক ৮০ একর জমিতে অভিযান, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে নিলামের অর্থ**

Thank you for reading this post, don't forget to subscribe!

**শৈলকুপা, ঝিনাইদহ**

ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া-লাঙ্গলবাঁধ আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ৩২টি
স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল
পর্যন্ত উপজেলার বসন্তপুর ও রামজয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সওজ বিভাগ সূত্রে জানা গেছে, শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়ক প্রশস্তকরণ, মজবুতকরণ ও বাঁক সরলীকরণ
প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট এলাকায় ২ দশমিক ৮০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
ওই জমিতে থাকা বাড়ি ও দোকানসহ ৩২টি স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

অভিযানের আগে ক্ষতিগ্রস্ত স্থাপনার মালিকদের সরকার নির্ধারিত ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে
জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সওজ। পরে স্থানীয় প্রশাসনের
সহযোগিতায় কর্মকর্তাদের উপস্থিতিতে এক্সকাভেটর দিয়ে স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উচ্ছেদের পর স্থাপনাগুলোর বিভিন্ন সরঞ্জাম ঘটনাস্থলেই প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
নিলামে এসব মালামাল বিক্রি করে ৫ লাখ ১ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন সওজের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট
পীযূষ চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, শৈলকুপা উপজেলা 
নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-
কর্মচারীরা।

ঝিনাইদহ সওজের সহকারী প্রকৌশলী আহসান উল কবির জানান, সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ 
বাস্তবায়নে অধিগ্রহণ করা জমির স্থাপনা অপসারণ করা হয়েছে। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মালামাল
তাৎক্ষণিকভাবে প্রকাশ্য নিলামে ৫ লাখ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। নিলামের অর্থ
দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

**আরও পড়ুন:**

 * [শৈলকুপায় দিনমজুরের অর্ধগলিত মৃতদেহ আবিষ্কার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/shailkupa/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%9c/)
 * [ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/shailkupa/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/)
