# মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুসের অভিযোগ, টাকা দিয়েও চাকরি হারালেন শিমু

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87/
- Published: 2026-11-21T16:33:37+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি বহাল ও বকেয়া বেতন ছাড়ের বিনিময়ে ঘুস লেনদেনের অভিযোগ উঠেছে। চাকরি বহাল রাখার আশ্বাসে এক লাখ ২০ হাজার টাকা দিয়েও শেষ পর্যন্ত চাকরি হারানোর অভিযোগ করেছেন সাত বছর ধরে কর্মরত টিকিট ক্লার্ক শিমু খাতুন। তার দাবি, চুক্তির মেয়াদ আরও দুই মাস বাকি থাকলেও কোনো লিখিত নোটিশ ছাড়াই তাকে কর্মস্থলে যেতে বাধা দেওয়া হচ্ছে। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের এক অফিস সহকারীর ভাইজিকে। শিমু খাতুনের অভিযোগ, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী লুৎফর রহমান চাকরি বহাল রাখার আশ্বাস দিয়ে তার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নেন। কিন্তু টাকা দেওয়ার পরও গত ১২ অক্টোবর থেকে তাকে আর দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। শনিবার সকালে কর্মস্থলে গেলেও তাকে নির্ধারিত চেয়ারে বসতে দেওয়া হয়নি। তিনি জানান, দীর্ঘ সাত বছর ধরে হাসপাতালের টিকিট ক্লার্ক হিসেবে কাজ করছেন। চাকরি পুনর্বহালের আশ্বাসে অফিস সহকারী লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি তাকে এক লাখ ২০ হাজার টাকা দেন। চুক্তি অনুযায়ী কাজের মেয়াদ আরও দুই মাস বাকি থাকলেও কোনো লিখিত নোটিশ ছাড়াই তাকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পালন করছেন লুৎফর রহমানের ভাইজি পান্না খাতুন, যিনি আগে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া পদে কর্মরত ছিলেন। শিমু খাতুন আরও অভিযোগ করেন, বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাকে জানালে তিনি সামান্য কিছু টাকা দিয়ে পান্না খাতুনের ছেড়ে যাওয়া আয়া পদে কাজ করার পরামর্শ দেন। এ ঘটনায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্রের দাবি, আউটসোর্সিংয়ের ১০ জন কর্মচারীর মধ্যে পাঁচজন ঘুস দিয়ে নিয়োগপত্র পেয়েছেন। শিমু খাতুনসহ বাকি পাঁচজন এখনো নিয়োগপত্র পাননি। এদিকে আউটসোর্সিংয়ের আরেক কর্মচারী অভিযোগ করেন, ১১ মাসের বকেয়া বেতন পাওয়ার সময় জেলা স্বাস্থ্য কর্মকর্তার নাম করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা নয়জন কর্মচারীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে নিয়েছেন। তবে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অফিস সহকারী লুৎফর রহমান। তিনি বলেন, শিমু খাতুনের কাছ থেকে তিনি কোনো টাকা নেননি। ঠিকাদার তার ভাইজিকে নিয়োগ দিয়েছেন। শিমু খাতুন বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাও হাসপাতালে ঘুস লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শিমু খাতুনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়নি। যারা নিয়োগপত্র এনেছেন, তাদের পদ অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য পদে কাজ করার প্রস্তাব দেওয়ার বিষয়ে তিনি জানান, টাকার কথা বলেননি, তবে শিমু খাতুনকে অন্য পদে কাজ করার কথা বলেছিলেন। উল্লেখ্য, চাকরি পুনর্বহালের জন্য এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা এবং বকেয়া বেতন ছাড়ের ক্ষেত্রে ১৫ হাজার টাকা করে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এর আগেও উঠেছে। গত ২২ আগস্ট বিভিন্ন সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর শাকিল নামের এক কর্মচারী জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। আরও পড়ুন: ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা কোটচাঁদপুরে জামায়াতের মহিলা মেম্বার প্রার্থী ও স্বামীর ওপর হামলার অভিযোগ
