# ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে ছয়জনকে আটক করেছে বিজিবি

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be/
- Published: 2026-11-23T14:41:25+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

মহেশপুর প্রতিবেদক ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দালাল, চিহ্নিত মাদক চোরাকারবারি ও অনুপ্রবেশকারীসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ও সোমবার (২২ ও ২৩ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।Thank you for reading this post, don't forget to subscribe! বিজিবির পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে জীবননগর উপজেলার বেনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের বিস্তিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পুরুষ দুজন হলেন নড়াইল সদর থানার দেবীপুর গ্রামের সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের সুজন বিশ্বাস (৩৪)। আটক ভারতীয় নাগরিকের নাম রাহুল মীর (২১)। তাঁর বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাঁকড়া গ্রামে। বাংলাদেশে তাঁর ঠিকানা খুলনার দিঘলীয়া থানার কুলা গ্রাম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (২২ নভেম্বর) ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দুই ব্যক্তিকে আটক করে ৫৮ বিজিবি। বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিন্না নগর বাজারের পাকা রাস্তা থেকে মো. জহুরুল হক (৩৮) নামের একজনকে আটক করা হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জহুরুল হকের বাড়ি মহেশপুর থানার ছয়ঘরিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৫-আর থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের বটতলা সড়কে অভিযান চালিয়ে মো. আকবর আলী মণ্ডল (৪০) নামের আরেকজনকে আটক করা হয়। হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলে তাঁকে আটক করা হয়। বিজিবির বিজ্ঞপ্তিতে আকবর আলীকে চিহ্নিত মাদক চোরাকারবারি ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বাড়ি মহেশপুর থানার মাটিলা মাঠপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে আটক জহুরুল হক ও আকবর আলীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরও পড়ুন: মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুসের অভিযোগ, টাকা দিয়েও চাকরি হারালেন শিমু মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১
