# জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/
- Published: 2026-11-20T13:56:09+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে রয়েছে ৮০ বছর বয়সী মো. মাহাবুর তরফদারের মরদেহ। বাবার কাছ থেকে নিজেদের প্রাপ্য জমি বুঝে না পাওয়া পর্যন্ত দাফন করতে দেবেন না বলে দাবি করেছেন তাঁর এক ছেলে ও তিন মেয়ে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুর তরফদারের মৃত্যু হয়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবার কাছ থেকে জোরপূর্বক জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজ ছেলে রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। বাক্‌প্রতিবন্ধী রফিকুল ও তাঁর বোনেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। জমি নিয়ে বিরোধের জেরে তাঁরা মরদেহ দাফনে বাধা দেন। পারিবারিক সূত্র জানায়, গত দুই বছর ধরে রফিকুল ও তাঁর তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তাঁরা আদালতে মামলাও করেছেন। তবে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ও শফি তরফদার। তাঁদের দাবি, কোনো জোরজবরদস্তি করা হয়নি; তাঁদের বাবা স্বেচ্ছায় দুই ছেলের নামে জমি লিখে দিয়েছেন। এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফা সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরও পড়ুন: বৃষ্টিতে ভিজছে পাকা ধান, লোকসানের শঙ্কায় ঝিনাইদহের কৃষক ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
