# কোটচাঁদপুরে ১ হাজার ৭০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kotchandpur/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ad%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%95/
- Published: 2026-11-20T12:54:27+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

কোটচাঁদপুর প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! রবি মৌসুমে ফসল উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। চাষাবাদের খরচ কমিয়ে সরিষা ও মসুরের আবাদ বাড়াতে তাঁদের পাশে দাঁড়িয়েছে সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক বিনামূল্যে সরিষা ও মসুরের বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এসব উপকরণ ব্যবহার করে কৃষকেরা রবি মৌসুমে আবাদ বাড়াতে পারবেন বলে আশা করছে কৃষি বিভাগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল এবং পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রণোদনাভুক্ত কৃষকেরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
