# খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখার বার্তা

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87/
- Published: 2026-11-27T18:59:22+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**কালীগঞ্জ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন 
গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী। তিনি বলেছেন, খেলাধুলার
আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও আন্তরিকতা বাড়ায় এবং এ ধরনের উদ্যোগ সমাজসেবামূলক
কর্মকাণ্ডেও ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে ‘চাপালী যুব সংঘ’-
এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর এমন আন্তরিক ও প্রাণবন্ত আয়োজন দেখেছেন তিনি।
ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টটি
সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। খেলার মাঠে মানুষের মধ্যে যে উৎসাহ
ও আন্তরিকতা দেখা গেছে, তা সমাজসেবামূলক কাজেও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে কাউকে ছাড়
দেওয়ার জন্য তাঁর কাছে কোনো তদবির না করে বরং মাদক নির্মূলে সহযোগিতা করতে হবে। মাদক
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনুরোধ বা তদবিরে
প্রভাবিত না হওয়ার কথাও দৃঢ়ভাবে জানান তিনি। ঝিনাইদহকে পুরোপুরি মাদকমুক্ত রাখতে 
তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু 
তালিব। মাননীয় মন্ত্রীর আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে
চাপালী গ্রামবাসী এত সুন্দর ও সফল একটি আয়োজন সম্পন্ন করেছে। এলাকার উন্নয়নে আইনমন্ত্রীর
ভূমিকার প্রশংসা করে মাওলানা আবু তালিব জানান, কালীগঞ্জের উন্নয়নের জন্য যতগুলো ডিও(
DO) লেটার নিয়ে যাওয়া হয়, মন্ত্রী সেগুলো না পড়েই স্বাক্ষর করেন এবং কোনো সুপারিশ
আটকে রাখেন না। ভবিষ্যতেও তিনি এভাবেই কালীগঞ্জের মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত
করেন এমপি আবু তালিব। বক্তব্যের শেষে তিনি দেশের বিরুদ্ধে চলা যেকোনো ধরনের আগুন ও 
সন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

এর আগে সংসদ সদস্য আবু তালিবের বক্তব্য দেওয়ার পূর্বে অনুষ্ঠানের স্থানীয় বক্তারা
চাপালী গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার দাবি জানান। এ বিষয়ে
স্থানীয়ভাবে বিদ্যালয়ের জন্য জমি পাওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি 
এমএ মজিদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসকসহ স্থানীয়
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা 
উপস্থিত ছিলেন।
 বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা
ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর আরও বাড়াতে হবে। কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে
মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কথাও তুলে ধরা হয়। চাপালী যুব সংঘের
এই আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

**আরও পড়ুন:**

 * [সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডরিনকে](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae/)
 * [সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1/)

**এলাকা সম্পর্কে:** [কালীগঞ্জ উপজেলা (উইকিপিডিয়া)](https://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C_%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE)
