# কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের কর্মচারীদের প্রভাব, ব্যাহত হচ্ছে সুশাসন

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-2/
- Published: 2026-11-18T11:37:29+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক শৃঙ্খলা ও সুশাসন নিয়ে নানা
প্রশ্ন উঠেছে। একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত কয়েকজন কর্মচারীর প্রভাব, প্রশাসনিক
কাজে হস্তক্ষেপ এবং নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত
হওয়ার অভিযোগ উঠেছে। এতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি
হয়েছে অসন্তোষ ও নিরাপত্তাহীনতা।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একটি প্রভাবশালী
চক্র হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সরকারি চাকরির প্রচলিত
বদলি নীতি ও প্রশাসনিক নিয়ম উপেক্ষা করে চক্রটির কয়েকজন সদস্য ১২ থেকে ১৮ বছরেরও বেশি
সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তাদের প্রভাবের কারণে হাসপাতালের বিভিন্ন
বিভাগে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ের অন্যতম খাত ইউজার
ফি সংগ্রহেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

হাসপাতালসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক নথিপত্র, 
বিভিন্ন বরাদ্দের হিসাব, অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক তথ্যের গোপনীয়তা
নিয়েও উদ্বেগ রয়েছে। এসব তথ্য বাইরে সরবরাহের অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট কর্মচারীদের 
বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান 
করলেই তাকে ঘিরে নানা ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, নতুন কর্মকর্তাদের
ভুল তথ্য দেওয়া, বিভিন্ন অজুহাতে দাপ্তরিক কাজে বাধা সৃষ্টি এবং পরিস্থিতি জটিল করে
নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করা হয়। কোনো অনিয়ম বা জটিলতা তৈরি হলে তার দায়ভার 
নতুন কর্মকর্তাদের ওপর চাপানোর অভিযোগও রয়েছে। এ কারণে অতীতে দায়িত্ব পালন করা একাধিক
কর্মকর্তাকে দাপ্তরিক কাজে বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে হাসপাতালের নারী চিকিৎসকদের উত্ত্যক্ত ও ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে স্থানীয়
কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনায় চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে
উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

সম্প্রতি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের
স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দীন হায়দার। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক,
নার্স ও অন্যান্য কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে হাসপাতালের
সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই কর্মস্থলে ১২ থেকে ১৮ বছরের বেশি সময় ধরে কয়েকজন কর্মচারীর দায়িত্ব পালনের বিষয়ে
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত
করেছি। এ বিষয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংশ্লিষ্টদের মতে, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি 
ও কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মচারীদের বিষয়ে প্রচলিত
বিধিমালা অনুযায়ী পর্যালোচনা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং চিকিৎসক-নার্সদের নিরাপত্তা
নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের চিকিৎসাসেবায় বিরূপ প্রভাব পড়তে পারে।

**আরও পড়ুন:**

 * [কালীগঞ্জে বারবাজার রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%8d/)
 * [কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2/)
