# কালীগঞ্জে জমজমাট পানের হাট, ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9/
- Published: 2026-11-22T21:23:18+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! ধান, কলা ও পান—এই তিন ফসলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ঝিনাইদহের কৃষি ও অর্থনীতি। জেলার কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে পান চাষ হয়ে আসছে। এখানকার মিষ্টি পানের চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। উৎপাদন ও বেচাকেনায় জমজমাট অবস্থা থাকলেও পানের ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। ভালো ফলন সত্ত্বেও উৎপাদন খরচের তুলনায় বিক্রিমূল্য কম হওয়ায় লাভের মুখ দেখছেন না অনেকেই। কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজারে সপ্তাহে দুই দিন—রবিবার ও বুধবার বসে পানের পাইকারি হাট। স্থানীয়ভাবে এ হাট ‘পেনো হাটা’ নামে পরিচিত। হাটের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে আসেন চাষিরা। পাইকার ও ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো বাজার। সারি সারি ঝুড়িতে সাজানো পান এবং ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় হাটজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বেচাকেনা শেষে এখানকার পান চলে যায় দেশের বিভিন্ন জেলার বাজারে। তবে হাটের জমজমাট চিত্রের বিপরীতে চাষিদের মুখে নেই স্বস্তির হাসি। তাঁদের অভিযোগ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, বরজ নির্মাণ ও পরিচর্যার খরচ দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যয়। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে গেলেও সেই অনুপাতে পান বিক্রি করতে পারছেন না তাঁরা। হাটে পান বিক্রি করতে আসা চাষি আকবর সাধু বলেন, “এবার বরজে পান ভালো হয়েছে। কিন্তু বাজারে সেই অনুযায়ী দাম পাচ্ছি না। বরজ তৈরি করতে বাঁশ, খুঁটি, জাল, সার, ওষুধ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়। পান তুলে হাটে আনার পর পরিবহন খরচও দিতে হয়। সব খরচ বাদ দিয়ে হাতে তেমন কিছুই থাকে না। ফলন ভালো হলেও দাম না থাকায় আমাদের কষ্ট থেকেই যাচ্ছে।” পানচাষি আনছার মণ্ডল বলেন, “পান চাষে সারা বছরই পরিশ্রম করতে হয়। প্রতিদিন বরজের পরিচর্যা করতে হয়। রোগবালাই দেখা দিলে ওষুধ দিতে হয়। শ্রমিকের মজুরি ও সার-কীটনাশকের দাম অনেক বেড়েছে। কিন্তু পান বিক্রি করে আগের মতো লাভ হচ্ছে না। বাজারদর একটু ভালো হলে পান চাষ করে পরিবার নিয়ে স্বস্তিতে থাকা সম্ভব হতো।” স্থানীয় বাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে ছোট, মাঝারি ও বড়—তিন ধরনের পানের দামই তুলনামূলক কম। স্থানীয় হিসাবে ৮০টি পাতা নিয়ে এক পোন বা বিড়া হয়। বাজারে ছোট পান প্রতি পোন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৭ টাকায়। সে হিসাবে ১০০ পোনের দাম ৫ হাজার থেকে ৫ হাজার ৭০০ টাকা। মাঝারি পান প্রতি পোন ৬৩ থেকে ৭৫ টাকা এবং ১০০ পোন ৬ হাজার ৩০০ থেকে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বড় পান প্রতি পোন ১১০ থেকে ১৩৫ টাকা এবং ১০০ পোন ১১ হাজার থেকে ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষিদের দাবি, এই দামে উৎপাদন ও বাজারজাতকরণের খরচ তুলতেই তাঁদের হিমশিম খেতে হচ্ছে। পান চাষের জন্য বরজ তৈরি ও রক্ষণাবেক্ষণে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়। বরজ তৈরির পর নিয়মিত পরিচর্যা, সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনসহ বিভিন্ন কাজে ব্যয় রয়েছে। ফলে উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেক চাষি। বলরামপুর পানের হাটের ইজারাদার বাবুল বিশ্বাস বলেন, “সপ্তাহে দুই দিন হাট বসে। দূর-দূরান্ত থেকে মানুষ পান কিনতে আসেন। হাটে কোনো ঝামেলা বা অসুবিধা নেই। প্রতি হাটে প্রায় অর্ধকোটি টাকার পান বিক্রি হয়। মাঝেমধ্যে বিভিন্ন কারণে পানের বরজে আগুন লাগে। গত কয়েক বছরে বেশ কয়েকটি বরজে অগ্নিকাণ্ডে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।” বলরামপুর ছাড়াও কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের সেতুসংলগ্ন এলাকা, গাজীর বাজার ও কোলা বাজারে বড় পাইকারি পানের হাট বসে। উপজেলার শিংগী বাজার, ভাটাডাঙ্গা, গোমরাইল, চাপরাইল, বলরামপুর, বারোপাকিয়া, তৈলকূপী, কামারাইল, দুধরাজপুর, গোপালপুর, বাসুদেবপুর ও হরদেবপুরসহ বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে পান চাষ হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কালীগঞ্জের মাটি অত্যন্ত উর্বর। এ কারণে উপজেলাকে শস্যভান্ডার বলা হয়। এখানকার মাটি ও পরিবেশ পান চাষের জন্য উপযোগী। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, কালীগঞ্জে বর্তমানে মোট ২১৬ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এর মধ্যে রায়গ্রাম ইউনিয়নে ১২০ হেক্টর, নিয়ামতপুর ইউনিয়নে ৭৭ হেক্টর এবং অন্যান্য এলাকায় ১৯ হেক্টর জমিতে পান চাষ করা হচ্ছে। এত বিপুল উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় পান চাষের প্রকৃত সুফল পাচ্ছেন না কৃষকরা। তাঁদের প্রত্যাশা, পানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে। আরও পড়ুন: কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ অসহায় দুই প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন কালীগঞ্জের ইউএনও
