একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌরসভা অডিটোরিয়ামে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে নিবন্ধিত ১৭০ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শুধু মেধা থাকলেই চলবে না, মেধার পাশাপাশি নৈতিক শিক্ষার চর্চা করা অত্যন্ত জরুরি। মেধা ও নৈতিকতার সুন্দর সমন্বয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
“মেধার বিকাশ হোক নৈতিকতার আলোকে, এগিয়ে যাক দেশ ও জাতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা চর্চা ও সৎ নাগরিক হওয়ার অনুপ্রেরণা যোগাতেই তাদের এই নিয়মিত উদ্যোগ।