ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পাচারকালে ১ হাজার কেজি (২০ বস্তা) রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। এ সময় সারের চালানটির গন্তব্য রোধ করে স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে তা বিক্রি করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজার এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।
স্থানীয় সূত্র ও কৃষি বিভাগ জানায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে একটি ভ্যানযোগে ১৫ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) এবং ৫ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার অবৈধভাবে শৈলকুপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় সচেতন কৃষক ও দলীয় কর্মীদের সন্দেহ হয়। তারা তাৎক্ষণিকভাবে ভ্যানটি আটকে রেখে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেন।
খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সারগুলো জিম্মায় নেন। পরবর্তীতে উপস্থিত স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি মূল্যে জব্দকৃত সারগুলো তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ জানান, “অবৈধভাবে পরিবহন ও পাচারের খবর পেয়ে আমরা পুলিশের সহযোগিতায় ১ হাজার কেজি সার জব্দ করি। সার সংকটে যেন কৃষকদের ভোগান্তি না হয়, তাই নিয়ম মেনে উপস্থিত কৃষকদের কাছে নির্ধারিত সরকারি দামে সারগুলো বিক্রি করা হয়েছে। বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।”