# থাইল্যান্ড যাওয়া হলো না যুবলীগ নেতা বাসেরের, বিমানবন্দরে আটক

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%a5%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af/
- Published: 2026-11-25T10:37:27+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েও শেষ পর্যন্ত বিমানে চড়া হলো না ঝিনাইদহ
জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা কমিটির সদস্য
বলে জানা গেছে। তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।

পুলিশ সূত্রে জানা যায়, বাসের আলমের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে
সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে সক্রিয়
ভূমিকা রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে পাঁচটি
মামলা রয়েছে। এসব মামলার অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর
সঙ্গে বাসের আলমের যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত ব্যবহার করে ভারতে যাতায়াতের
তথ্যও পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সংগঠিত করার কাজে তিনি সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে আটকের পর তার বিরুদ্ধে থাকা মামলা ও অন্যান্য অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা
গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহ সদরে ৪ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87/)
 * [১৩২ কর্মচারীর অভিযোগের মুখে ঝিনাইদহ হাসপাতালে আসছেন না ডা. ইউসুফ আলী](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a7%a7%e0%a7%a9%e0%a7%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/)
