# ১৩২ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগে অভিযুক্ত ইউসুফ আলী ঝিনাইদহ সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2/
- Published: 2026-11-22T13:49:52+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতাThank you for reading this post, don't forget to subscribe! যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে ১৩২ কর্মকর্তা-কর্মচারীর লিখিত অভিযোগের মুখে পড়েছিলেন ডা. মো. ইউসুফ আলী। তাঁর বিরুদ্ধে অসদাচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ, পাওনা টাকা পরিশোধে বিলম্ব, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। সেই আলোচিত চিকিৎসক এবার ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৩২ কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষরিত অভিযোগটি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে যশোরের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় তদন্ত দল সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অভিযোগকারীদের পৃথকভাবে লিখিত জবানবন্দিও নেওয়া হয়। তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, কর্মকর্তা-কর্মচারীদের ছোটখাটো ভুলের কারণে কখনো বকাঝকা করেছেন এবং পাওনা পরিশোধে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অর্থ আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন। এসব অভিযোগের তদন্তের চূড়ান্ত ফলাফল কী হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ডা. ইউসুফ আলীর রাজনৈতিক ও সাংগঠনিক সংশ্লিষ্টতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সদস্যতথ্যে তাঁর নামে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২২০০১৫১ নম্বরের আজীবন সদস্যপদের তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সংগঠনটির রাজনৈতিক ভূমিকার কারণে বর্তমান প্রেক্ষাপটে তাঁর এই সদস্যপদ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয়দের প্রশ্ন, অতীত কর্মস্থলে ১৩২ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগের মুখে পড়া এবং স্বাচিপের আজীবন সদস্য হিসেবে পরিচিত একজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার আগে তাঁর অতীত কর্মকাণ্ড ও সাংগঠনিক সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না। অন্যদিকে, ঝিনাইদহ সদর হাসপাতালের বিদায়ী তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের বদলি নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকের মতে, তাঁর দায়িত্ব পালনকালে হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছিল। এমন পরিস্থিতিতে তাঁকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। গত ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে তাঁর স্থলে ডা. মো. ইউসুফ আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন তত্ত্বাবধায়ক ডা. মো. ইউসুফ আলীর কাছে তাঁর স্বাচিপের আজীবন সদস্যপদ এবং শার্শায় দায়িত্ব পালনকালে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আরও পড়ুন: বিএনপি নেতার ঘরে আগুন, মসজিদে দাবী ভুল কোটচাঁদপুরে ফুলকপির দাম পড়ে বিপাকে তিন বন্ধু, জমিতেই ফেলে রাখছেন ফসল
