# বিএনপি নেতার ঘরে আগুন, মসজিদে দাবী ভুল

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/harinakunda/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c/
- Published: 2026-11-21T21:24:06+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

অনলাইন ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! ১৯ নভেম্বর ‘আপডেট কুষ্টিয়া’ নামে একটি ফেসবুক পেজে দাবি করা হয়, হরিণাকুণ্ডু উপজেলার বেলতলা গ্রামে একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, হরিণাকুন্ডু উপজেলার ২ নম্বর জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামে মসজিদে আগুনের অভিযোগ উঠেছে এবং এলাকার আওয়ামী লীগ নেতা মতিয়ার, শামীম ও রকি এই ঘটনার সাথে জড়িত। একই দাবি বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকেও ছড়ানো হয়। দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, বেলতলা গ্রামে কোনো মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। মূলত, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেব আলীর ব্যবহৃত একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ২০২৫ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। ২০২৫ সালের ৩ এপ্রিল ‘আজকের আরবান’ নামে একটি অনলাইন পোর্টালে একই ছবি ব্যবহার করা হয়েছিল। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরটি একসময় নামাজঘর হিসেবে ব্যবহার করা হতো। হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন দ্য ডিসেন্টকে বলেন, “মসজিদে আগুনের ঘটনা নয়। মূলত, গত ১৮ তারিখ মধ্যরাত সাড়ে বারোটা বা একটার দিকে কে বা কারা আমাদের ওয়ার্ড কমিটির শাহেব আলী বাড়িতে আগুন দেয়। এইটা কোনো রাজনৈতিক কাহিনী না, এইটা হলো ওখানকার সামাজিক একটা ব্যাপার।” তাইজাল হোসেনের কাছ থেকে শাহেব আলীর ফোন নম্বর নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে দ্য ডিসেন্ট। তবে ফোনে শাহেব আলীর বদলে তার স্ত্রী ও পুত্রবধূর সঙ্গে কথা হয়। শাহেব আলীর স্ত্রী বলেন, “আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ঘরে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখি। মাঝে মাঝে আমরাও থাকি। তবে যেদিন আগুন লাগাইছিল, ওইদিন ওই ঘরে আমরা কেউ থাকিনি।” শাহেব আলীর পুত্রবধূ বলেন, “আমাদের যে ঘরে আগুন দিয়েছে ওটা আগে নামাজঘর ছিল। মসজিদ পাকা হওয়ার সময় টিনশেডের এই ঘরটাতে সবাই নামাজ পড়ত।” পরে আবার কল করলে শাহেব আলী নিজেই রিসিভ করেন। তিনি দ্য ডিসেন্টকে ঘরটির বিষয়ে একই রকম বর্ণনা দেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, সরেজমিনে গিয়ে তারা মসজিদে আগুন দেওয়ার কোনো ঘটনা পাননি। মূলত, বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতির বাড়ির পাশে থাকা একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ওসি বলেন, “আমরা সরেজমিনে গিয়ে দেখেছি মসজিদে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত, বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতির বাড়িতে আগুন দিয়েছিল। তার বসতঘরে আগুন দেয়নি। ঘরের পাশে বাইরে একটা ঘর ছিল সেখানে আগুন দেওয়া হয়েছিল। এটা নিয়ে একটা মামলাও হয়েছে।” হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনও জানান, মসজিদে আগুন দেওয়ার দাবিটি সঠিক নয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে তদন্ত করে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, “আমরা এরকম খবর শোনার পর খোঁজখবর করি। এলাকার লোকজনের ভাষ্য অনুযায়ী এবং আমরাও সরেজমিনে গিয়ে দেখলাম পরে যাচাই করে যে এটা সঠিক না। মূল ঘটনা হলো– দুই দিন মতো আগের রাতে ওয়ার্ড বিএনপির সভাপতির একদম আবাসস্থলের পাশে একটা ওরকম ঘর ছিল। সেই ঘরে খড়-টড় রাখা, আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল–ওখানে আগুন লাগে। সেটার জন্য মামলাও হইছে।” এ ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, নিষিদ্ধ গোষ্ঠীর অনেকের নামে মামলা করা হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে নিষিদ্ধ গোষ্ঠী জড়িত কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, “এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসনেও আমি জানিয়ে রেখেছি যে এই বিষয়টা আসলে সত্য না। ডিসি স্যারও পরবর্তীতে খোঁজখবর নিয়েছেন।” সূত্র: The Dissent আরও পড়ুন: কোটচাঁদপুরে ফুলকপির দাম পড়ে বিপাকে তিন বন্ধু, জমিতেই ফেলে রাখছেন ফসল মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুসের অভিযোগ, টাকা দিয়েও চাকরি হারালেন শিমু
