# ৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/
- Published: 2026-11-23T13:12:56+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

নিজস্ব প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়Thank you for reading this post, don't forget to subscribe! প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ পথ পাড়ি দিলেও আবাসন, পরিবহন, নিরাপত্তা, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। প্রশাসনিক জটিলতা, নিয়োগে অনিয়মের অভিযোগ, গবেষণায় পিছিয়ে থাকা এবং শিক্ষার্থীদের ভোগান্তিও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তবে এসব সীমাবদ্ধতা কাটিয়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ আবাসিকতার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হলেও বর্তমানে প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থী আবাসনের বাইরে রয়েছেন। প্রায় ১৯ হাজার ৬৬৮ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন মেস ও কুষ্টিয়া-ঝিনাইদহ এলাকায় বসবাস করেন। এতে পরিবহন সংকটের কারণে নিয়মিত যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। মেস ও গণপরিবহনে বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের হয়রানির মুখেও পড়তে হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে ৪১৫ জন শিক্ষক পাঠদান করছেন। এর মধ্যে প্রায় ১৫টি বিভাগে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। পর্যাপ্ত ল্যাব, কমনরুম, সেমিনার লাইব্রেরি ও গবেষণাগারের অভাবও রয়েছে। তবে সংকট নিরসনে চারটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ হলে আবাসন ও শ্রেণিকক্ষ সংকট অনেকটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশ্ববিদ্যালয়ের নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি। আইনে নাম ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ থাকলেও বিভিন্ন কাগজপত্রে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ’ ও ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ নাম ব্যবহার করা হচ্ছে। এতে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশকেও প্রশাসনিক কার্যক্রমে আধুনিকায়নের ঘাটতি রয়েছে। বিভিন্ন ফি পরিশোধের জন্য দুটি ব্যাংকের সঙ্গে ই-পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। ফরম পূরণ, সনদ উত্তোলনসহ বিভিন্ন কাজে শিক্ষার্থীদের এক ভবন থেকে অন্য ভবনে ছুটতে হয়। এ ছাড়া শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও এখনো চালু হয়নি কেন্দ্রীয় ছাত্রসংসদ। নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। ৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। গবেষণায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের পাশাপাশি সাধারণ ও বিজ্ঞান অনুষদেও গবেষণা কার্যক্রম চলছে। বর্তমানে ৩৮টি বিভাগে নিয়মিত শিক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৬৬৮ জন। তাঁদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৮৭ এবং ছাত্রী ৭ হাজার ৭৮১ জন। এ ছাড়া এমফিল গবেষক ১৫১ জন এবং পিএইচডি গবেষক ১৫২ জন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ও গবেষকের সংখ্যা ১৯ হাজার ৯৭১। বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আট শতাধিক শিক্ষার্থী এমফিল এবং প্রায় ৭৫০ জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের অনেকে বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। উচ্চশিক্ষা ও গবেষণানির্ভর দক্ষ জনশক্তি তৈরির প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসেন। তাই তাঁদের উপযোগী যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা গেলে বিশ্ববিদ্যালয় বেকার তৈরির কারখানায় পরিণত হবে না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রশাসন কাজ করছে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চেষ্টা চলছে। অতীতের সংকট ও দুর্নীতির ইতিহাস পেছনে ফেলে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চান তাঁরা। প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুতির প্রশ্ন ১৯৭৭ সালে মক্কায় অনুষ্ঠিত প্রথম বিশ্ব মুসলিম শিক্ষা সম্মেলনে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পৃষ্ঠপোষকতায় তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ড. এম এ বারীকে চেয়ারম্যান করে ‘ইসলামিক ইউনিভার্সিটি কমিটি’ গঠন করেন। ২৯ আগস্ট বারী কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৭৯ সালের ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রম ও মূল লক্ষ্য-উদ্দেশ্য থেকে বিশ্ববিদ্যালয়টি বিচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান তৈরির ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র&#x200d;্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ৬৯১তম অবস্থানে রয়েছে। পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে ১ হাজার ৪০১তম বা তার পরের অবস্থানে। অন্যদিকে একই সময়ে ওআইসির পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো ওই র&#x200d;্যাঙ্কিংয়ে স্থান পায়নি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, বাংলাদেশ, মালয়েশিয়া ও পাকিস্তানের তিনটি ইসলামী বিশ্ববিদ্যালয় ওআইসির মাধ্যমে যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠানগুলোর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় একসময় সেসব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়। সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে মূল লক্ষ্য ও উদ্দেশ্যে ফিরে যেতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উপাচার্য জানান, এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। অমুসলিম শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদলে পৃথক একটি বিষয় পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে। পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য বাংলাদেশ স্টাডিজ ও শিল্পপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। ঝুলে আছে দুই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের দেড় বছর হতে চললেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ রয়েছে। মামলার তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দেওয়া হলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সিআইডির পক্ষ থেকে মামলার অগ্রগতি নিয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ের ব্যবস্থা করা হয়। তবে পরবর্তী সময়ে সেটিও বন্ধ হয়ে যায়। অন্যদিকে গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এ সময় ওই কক্ষ থেকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ফজলুর রহমানকে উদ্ধার করা হয়। পরে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে রয়েছেন। বাকি তিন আসামি এখনো গ্রেপ্তার হননি। মামলার অভিযোগপত্রও জমা হয়নি। এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, তাঁদের কাজ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংসদে ইবিয়ানদের অবস্থান বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু জাফর খান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইনও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কুষ্টিয়া-৩ আসনের মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের রুহুল আমিন এবং নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফা। তাঁরা সবাই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠার ৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব তৈরিতে কিছু অর্জন করলেও আবাসন, নিরাপত্তা, প্রশাসনিক জটিলতা ও গবেষণার মানোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের ঘোষিত উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়, তার ওপরই নির্ভর করছে বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ অগ্রযাত্রা। আরও পড়ুন: জমি বিক্রি করে সৌদি আরবে, দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় কালীগঞ্জের রাজু আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা
