# মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d/
- Published: 2026-11-22T18:53:55+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ঝিনেদার কাগজ ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! মালদ্বীপের রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মালদ্বীপের রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) আওতায় আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিন্ন আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনায় কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) গুরুত্ব বিশেষভাবে স্থান পায়। এ আঞ্চলিক প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো সামুদ্রিক নিরাপত্তা, আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমন, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন অভিন্ন নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করে থাকে। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠেয় সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাউন্সিলের বৈঠককে আঞ্চলিক সংলাপ জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় হাইকমিশনার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নিতে সিএসসির মাধ্যমে মালদ্বীপের অব্যাহত সম্পৃক্ততা ও নেতৃত্বের প্রশংসা করেন। সাক্ষাতে ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেন। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং আঞ্চলিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান তিনি। হাইকমিশনার বলেন, ধর্মীয়, ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। এসব অভিন্নতা দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও তুলে ধরেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আরও পড়ুন: জাতীয় শিক্ষক ফোরাম সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
