# ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af-2/
- Published: 2026-08-04T14:05:35+06:00
- Author: admin

ঝিনাইদহ প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও গুরুতর আহতদের পরিবারের আর্থিক সংকট লাঘবে ১ কোটি ১৯ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় জেলা প্রশাসন ও বিআরটিএ ঝিনাইদহ সার্কেল যৌথভাবে এ উদ্যোগ নেয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ৩১টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ১৯ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ১২ জনকে মোট ২৪ লাখ টাকার অনুদান দেওয়া হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, &#8220;সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই সহায়তার উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।&#8221; তিনি চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার এবং নিরাপদ সড়ক নিশ্চিতে একযোগে কাজ করার আহ্বান জানান। বিআরটিএ সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন যাচাই-বাছাই শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের নিয়মিত এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। চেক হস্তান্তরের পর উপকারভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
