ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে গোপন যোগাযোগ বা লিয়াজোঁ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। এ বিষয়ে তাঁর কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত বলে অভিযোগ ছিল। এখন জামায়াতও একই পথে হাঁটছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই দলটির নেতারা ভারতের সঙ্গে যোগাযোগ করছেন।

রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের বিষয়ে তাঁর কাছে তথ্য-প্রমাণ রয়েছে। রাষ্ট্রীয় পর্যায়েও এ-সংক্রান্ত তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকদের কাছেও তথ্য রয়েছে বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, প্রকাশ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিলেও গোপনে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ স্ববিরোধী। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি আধিপত্যবাদবিরোধী রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন।

বিষয়টি নিয়ে জামায়াতকে চ্যালেঞ্জ জানিয়ে রাশেদ খাঁন বলেন, তাঁর অভিযোগ সত্য নয় বলে মনে করলে দলটি আদালতের আশ্রয় নিতে পারে। মামলা হলে তিনি সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে পারবেন বলেও দাবি করেন।

লংমার্চ নিয়ে জামায়াতকে প্রশ্ন

ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় লংমার্চ প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, লংমার্চটি গোপালগঞ্জ হয়ে খুলনা, যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়ায় শেষ হওয়ার কথা। তবে গোপালগঞ্জে পথসভা না করার বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁনের বক্তব্য, জামায়াত যদি নিজেদের অবস্থানে দৃঢ় থাকে, তাহলে গোপালগঞ্জে পথসভা করে তাদের নৈতিক অবস্থান তুলে ধরা উচিত।

ঠাকুরগাঁওয়ের নির্বাচন নিয়েও মন্তব্য

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন জামায়াতের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দলটি। তবে ঠাকুরগাঁওয়ের নির্বাচনের মধ্য দিয়ে মানুষ এ ধরনের প্রচেষ্টার বিষয়ে সচেতনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে রাশেদ খাঁন ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
Nahid Islam
আরো পড়ুন
Comilla Program 6470c0
আরো পড়ুন
Japan
আরো পড়ুন
Afp Bangladeshsaudiyemeniranusisraelwar Fb6f69
আরো পড়ুন
E0a686e0a6aee0a6bee0a6b0e0a6a6e0a787e0a6b6 658167.og Image Aec156
আরো পড়ুন
Web
আরো পড়ুন
Scroll to Top