# ঝিনেদার কাগজ || Jhenedar kagoj

ঝিনেদার কাগজ বা Jhenedar kagoj, ঝিনাইদহ, ঝিনেদার কাগজ, jhenedarkagoj,Jhenedar kagoj,ঝিনেদারকাগজ, ঝিনাইদহের খবর, ঝিনাইদহের আবহওয়া, ঝিনাইদহের সংবাদ, আমাদের ঝিনাইদহ, ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর,মহেশপুর, শৈলকুপা, ঝিনেদার কাগজ || Jhenedar kagoj is a platform that celebrates the art of handmade paper, showcasing the intricate craftsmanship and rich cultural heritage of Bangladesh.

- Site: https://www.jhenedarkagoj.com/

## রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ৩ হাজার ১২৫ প্রকল্প অচল, আটকে ৩৮ হাজার কোটি টাকার বেশি

- Link: https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95/
- Published: 2026-11-17T07:04:36+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**নিজস্ব প্রতিবেদক**

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের অর্থায়নে পরিচালিত ৩ হাজার ১২৫টি প্রকল্প অচল হয়ে পড়েছে। 
এসব প্রকল্পে ব্যাংকগুলোর পাওনা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্প 
ঋণ হিসেবে বিতরণ করা মোট ৬৫ হাজার ১৯১ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে এখন পর্যন্ত আদায় 
হয়েছে ২৫ হাজার ২৩৭ কোটি ৬৯ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত
নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অচল প্রকল্পের সংখ্যায় শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক।
ব্যাংকটির ২ হাজার ১৩৪টি প্রকল্প অচল হয়ে পড়েছে। এসব প্রকল্পে পাওনা ৭ হাজার ৬৫১ কোটি
টাকা। প্রকল্প ঋণ হিসেবে ব্যাংকটি বিতরণ করেছে ১১ হাজার ৭১৪ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে
আদায় হয়েছে ১ হাজার ৭৯৬ কোটি ৭০ লাখ টাকা।

জনতা ব্যাংকের ৬৩টি অচল প্রকল্পে পাওনা ৩ হাজার ৫৫৫ কোটি ৮৩ লাখ টাকা। ব্যাংকটি ৫ হাজার
৬৫ কোটি ৭৩ লাখ টাকা ঋণ বিতরণ করলেও আদায় হয়েছে ৬৪৮ কোটি ১৭ লাখ টাকা।

অগ্রণী ব্যাংকের ৪১১টি প্রকল্প অচল রয়েছে। এসব প্রকল্পে ব্যাংকটির পাওনা ১৩ হাজার ১৪৩
কোটি ৬০ লাখ টাকা। ব্যাংকটি বিতরণ করেছে ১৩ হাজার ৮১১ কোটি ৪৮ লাখ টাকা, যার মধ্যে 
আদায় হয়েছে ২ হাজার ৫৭১ কোটি ৯০ লাখ টাকা।

রূপালী ব্যাংকের ১১৬টি অচল প্রকল্পে পাওনা ১০ হাজার ১০৬ কোটি টাকা। ব্যাংকটি প্রকল্প
ঋণ হিসেবে বিতরণ করেছে ৩০ হাজার ৭১ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে ১৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ২৩২টি অচল প্রকল্পে পাওনা ১ হাজার ৪০৬ কোটি ৩৩ লাখ টাকা।
ব্যাংকটি ১ হাজার ৪৪৩ কোটি ৮৮ লাখ টাকা বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ১ হাজার ২৮৪
কোটি ২৭ লাখ টাকা।

এ ছাড়া বেসিক ব্যাংকের ১৬৯টি অচল প্রকল্পে পাওনা ২ হাজার ৬৬৪ কোটি ৭৮ লাখ টাকা। ব্যাংকটি
৩ হাজার ৮৫ কোটি ৩২ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ৯৩৬ কোটি ৬৫ লাখ 
টাকা।

**ঋণ আদায়ে সরকারের উদ্যোগ**

ঋণ আদায় জোরদারে সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের
বিভিন্ন সার্কুলারের মাধ্যমে গ্রাহকদের ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছে।
পাশাপাশি এককালীন বিশেষ প্রস্থান সুবিধা, বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য সহায়ক প্রাক্‌-
অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক
ব্যবস্থা পুনর্গঠনে নীতিসহায়তার ব্যবস্থা করা হয়েছে।

**সূত্র: বাংলানিউজ টিম**

**আরও পড়ুন:**

 * [ব্যাংকের ৩৭ বছরের কর্মজীবনে প্রথম মন্দা দেখছি](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%80/)
 * [গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0/)

## ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তিন দিন অফিস বন্ধ ঘোষণা

- Link: https://www.jhenedarkagoj.com/national/%e0%a7%af%e0%a7%ae%e0%a7%ae-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0/
- Published: 2026-11-17T06:52:26+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**নিজস্ব প্রতিবেদক**

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর
জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে
উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আন্দোলনকারীরা দিনভর উপাচার্য অধ্যাপক
এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার
থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল 
ক্যাম্পাসে উপাচার্য তাঁর দপ্তরে অবরুদ্ধ ছিলেন। পরে রাত ১০টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের
জরুরি সভায় তিন দিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় সভাপতিত্ব করেন উপাচার্য
অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত
বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং
অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

**দিনভর উত্তপ্ত ছিল ক্যাম্পাস**

সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে
অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা উপাচার্যের সঙ্গে বৈঠকও
করেন। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসের ফটক বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক 
কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ
করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। 
সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য
নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

আন্দোলনকারীদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিন ধরে
বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ
নেই।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন
শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের
তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা, কর্মচারী ইউনিয়নের
সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার
হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক
মো. সাহাবুদ্দিন। সভা সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

**আরও পড়ুন:**

 * [গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0/)
 * [ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%90/)

## শৈলকুপায় দিনমজুরের অর্ধগলিত মৃতদেহ আবিষ্কার

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/shailkupa/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%9c/
- Published: 2026-11-17T00:02:49+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**শৈলকুপা, ঝিনাইদহ**

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামে এক দিনমজুরের
অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীনদী
থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তুষার পাল ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে
খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্বজনেরা মরদেহটি তুষার
পালের বলে শনাক্ত করেন।

তুষার পালের ভাতিজা তরঙ্গ পাল জানান, গত মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে 
বের হন তাঁর চাচা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে নদীতে
মরদেহ ভাসার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সেটি শনাক্ত করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মরদেহের শরীরে
দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে
তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য 
ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তুষার পাল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময় রাতে 
মন্দিরে অবস্থান করতেন।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81/)
 * [ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা, সাপের খেলা দেখতে দর্শনার্থীদের ঢল](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%9d%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be/)

## ৩০ লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই, দাবানলের ধোঁয়ার জন্য ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc/
- Published: 2026-11-16T15:45:46+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**আন্তর্জাতিক ডেস্ক**

সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ধোঁয়ার
জন্য ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্ত। কয়েক মাস ধরে চলা 
ভয়াবহ দাবানলে দেশটির বিস্তীর্ণ বনাঞ্চল ও প্রায় ৩০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। দাবানল
ও এর ফলে সৃষ্ট ধোঁয়া ও দূষণে কয়েক হাজার মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের
একটি অধিবেশনে প্রতিবেশী দেশ দুটির কাছে ক্ষমা প্রার্থনা করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রবোয়ো সুবিয়ান্ত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া
সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ দুটিতে ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, এটি ইন্দোনেশিয়ার ইচ্ছাকৃত কোনো ত্রুটি না হলেও প্রতিবেশীদের কাছে
তিনি আবারও ক্ষমা চাইছেন। দাবানল নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এবং আগুন
নেভাতে প্রায় চার মাস সময় লেগেছে।

দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়া সরকার ৭১ হাজার অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করেছিল বলে
জানান তিনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন 
প্রেসিডেন্ট।

বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার।
এ ধরনের ঘটনায় দায়ী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না জানিয়ে প্রবোয়ো সুবিয়ান্ত বলেন,
দাবানলের জন্য দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
এ ঘটনায় পুলিশের তদন্তের আওতায় রয়েছে ১০৪টি কোম্পানি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে
ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে ক্ষতিগ্রস্ত
হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বরে দাবানলের আগুনে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু
হয়েছে। একই সময়ে কালো ধোঁয়া ও বায়ুদূষণের কারণে মারা গেছেন আরও ১ হাজার ৭৫০ জন। সব 
মিলিয়ে ওই মাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। এর আগে আগস্টে দাবানল-
সংশ্লিষ্ট ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৪০ জন।

দাবানলের ধোঁয়া কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার সীমান্ত পেরিয়ে আশপাশের দেশগুলোর আকাশে ছড়িয়ে
পড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিঙ্গাপুর ও মালয়েশিয়া। তবে ধোঁয়া ও বায়ুদূষণে
ক্ষতিগ্রস্ত হলেও দেশ দুটি এ ঘটনায় ইন্দোনেশিয়ার প্রকাশ্যে সমালোচনা করেনি কিংবা দাবানল
নিয়ন্ত্রণে সহায়তার জন্য এগিয়ে আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

**আরও পড়ুন:**

 * [মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/)
 * [বিভিন্ন কাজের জন্য উপযোগী এআই টুলের তালিকা](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97/)

## অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95/
- Published: 2026-11-16T15:43:00+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

সংসারের অভাব-অনটন ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ 
করছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল।
তাঁর এমন জীবনসংগ্রামের খবর প্রকাশের পর আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ
জেলা পরিষদ। একই সঙ্গে তাঁর সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা 
পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে রেজওয়ান ইসলাম
মুকুলের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক
অ্যাডভোকেট এমএ মজিদ তাঁর হাতে এই চেক তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি
ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুল
ও তাঁর ছেলে সাজিদ হাসান রিয়ানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলা পরিষদের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, রেজওয়ান ইসলাম মুকুল বিএনপি ও ছাত্রদলের
দুর্দিনের একজন সহযোদ্ধা। হামলা, মামলা ও নির্যাতন সহ্য করেও তিনি জাতীয়তাবাদী আদর্শের
রাজনীতি করেছেন। এমন একজন রাজনৈতিক কর্মীকে অর্থনৈতিক সংকটের কারণে ইজিবাইক চালিয়ে 
জীবিকা নির্বাহ করতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বিএনপির বঞ্চিত 
ও অবহেলিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। মুকুলের সন্তানরা অত্যন্ত মেধাবী। তাঁর
বড় ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩০ হাজার টাকার
আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এমএ মজিদ আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে রেজওয়ান ইসলাম মুকুলের সন্তানদের লেখাপড়ার যাবতীয়
দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থের অভাবে যেন কোনো রাজনৈতিক কর্মীকে মুকুলের মতো কঠিন জীবনসংগ্রামে
পড়তে না হয়, সে বিষয়ে তাঁরা আন্তরিকভাবে কাজ করতে চান।

উল্লেখ্য, একসময় কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা রেজওয়ান
ইসলাম মুকুল বর্তমানে পরিবারের ভরণপোষণ ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে ইজিবাইক চালিয়ে
জীবিকা নির্বাহ করছেন। তাঁর জীবনসংগ্রামের খবর প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

**আরও পড়ুন:**

 * [গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0/)
 * [ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81/)

## ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে ও তালাক নিবন্ধন

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/
- Published: 2026-11-16T15:37:26+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্তমান কর্মরত রেজিস্ট্রারদের
নিজ নিজ কর্মএলাকা বহাল রাখার দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন
নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলায় বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে।

‘জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি’র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ
রেজিস্ট্রাররা অংশ নেন। এ সময় তাঁরা কলম বিরতি পালন করে সরকারের নতুন নিয়োগ পরিকল্পনার
প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার
দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকার নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন করে নিকাহ রেজিস্ট্রার
নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একই এলাকায় একাধিক রেজিস্ট্রারের
মধ্যে অযাচিত প্রতিযোগিতা তৈরি হবে। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা রেজিস্ট্রারদের
পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্তরাও আর্থিক সংকটে পড়বেন।

তাঁরা আরও বলেন, একজন নিকাহ রেজিস্ট্রারকে নির্দিষ্ট এলাকার দায়িত্ব দিয়ে নিয়োগ দেওয়া
হয়। সেই কর্মএলাকা বিভাজন করে নতুন করে একাধিক রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে পেশাগত 
স্থিতিশীলতা নষ্ট হবে। এমনিতেই বিয়ে নিবন্ধনের সংখ্যা ও আয় সীমিত হওয়ায় অনেক রেজিস্ট্রার
আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। নতুন নিয়োগের সিদ্ধান্ত তাঁদের জীবিকা আরও অনিশ্চিত করে
তুলবে।

বক্তারা জনস্বার্থ ও পেশাগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নতুন নিয়োগের সিদ্ধান্ত বাতিল
এবং বর্তমান কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ কর্মএলাকা বহাল রাখার দাবি জানান।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তাঁরা।

একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার 
ঐক্য পরিষদ’ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি
পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

সেখানে বক্তারা জানান, আইন মন্ত্রণালয় বর্তমান লাইসেন্সের এলাকা বিভাজন করে প্রতি ইউনিয়নে
তিনজন, প্রতিটি পৌর ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে তিনজন করে নিকাহ
রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়িত
হলে পেশাগত ও আর্থিক সংকট আরও বাড়বে।

দুই জেলাতেই কর্মসূচির কারণে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট
সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন।

**আরও পড়ুন:**

 * [গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0/)
 * [ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81/)

## বেলজিয়ামের কাছে ইতালির বড় হার, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

- Link: https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0/
- Published: 2026-11-16T11:27:43+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ক্রীড়া ডেস্ক**

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে
ইতালি। অন্যদিকে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে 
জায়গা করে নিয়েছে ফ্রান্স।

রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইতালিকে ম্যাচ 
থেকে অনেকটাই ছিটকে দেয় বেলজিয়াম। এই জয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে দলটি।
অন্য ম্যাচে তুরস্ককে হারিয়ে গ্রুপসেরা হয়েছে ফ্রান্স।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামার আগে ইতালি শীর্ষে থাকলেও বেলজিয়ামের কাছে হেরে
তিন নম্বরে নেমে গেছে। ছয় ম্যাচ শেষে ফ্রান্সের পয়েন্ট ১৩, বেলজিয়ামের ১২ এবং ইতালির
১০। সব ম্যাচে হেরে গ্রুপের তলানিতে রয়েছে তুরস্ক।

ব্রাসেলসে ইতালি ও বেলজিয়ামের ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।
বেলজিয়ামের গোলরক্ষক সেনে ল্যামেন্স শুরুতেই ইতালির দুটি ভালো প্রচেষ্টা রুখে দেন। 
এরপর দ্রুতগতির প্রতি-আক্রমণ থেকে কাছের পোস্টে বল জালে পাঠিয়ে ইতালিকে এগিয়ে দেন ফ্রান্সেসকো
পিও এস্পোসিতো।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালি। চার্লস ডি কেটেলারের পাস থেকে কাছাকাছি
দূরত্বে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান ম্যাক্সিম ডি কুইপার। এরপর নাথান এনগয়ের জোরালো
শটে এগিয়ে যায় স্বাগতিকরা। দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন জেরেমি ডোকু।

বিরতির আগে কেভিন ডি ব্রুইনার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ইতালির নিকোলো
পিসিলির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বেলজিয়াম।
ডি ব্রুইনা ও চার্লস ডি কেটেলারের একাধিক প্রচেষ্টা ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা
এবং গোলপোস্টে আটকে যায়। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

অন্যদিকে বোর্দোতে তুরস্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে
বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
মাইকেল ওলিসের শট ঠেকিয়ে দেন তুরস্কের গোলরক্ষক। কিলিয়ান এমবাপের একটি গোলও অফসাইডের
কারণে বাতিল হয়।

বিরতির পরপরই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। তুরস্কের ডিফেন্ডার এমিরহান তোপচু নিজেদের
জালে বল পাঠালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে আর্দা গুলের গোল করে তুরস্ককে
সমতায় ফেরালেও ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

ম্যাচের শেষ দিকে একাধিক পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। বদলি হিসেবে মাঠে
নামা এলি জুনিয়র ক্রুপি ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে রায়ান চেরকির পাস থেকে গোল করে
ব্যবধান ২-০ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আব্দুলকেরিম বারদাকসি তুরস্কের হয়ে একটি
গোল শোধ করলেও তাতে হার এড়ানো সম্ভব হয়নি। ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

**আরও পড়ুন:**

 * [বাংলাদেশ‑পাকিস্তান সেমিফাইনাল আজ টিভিতে](https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf/)
 * [ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে অজেয় রেকর্ডের চ্যালেঞ্জে বাংলাদেশ](https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/)

## মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/
- Published: 2026-11-16T11:26:01+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**আন্তর্জাতিক ডেস্ক**

মধ্যপ্রাচ্যে নতুন করে বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওই অঞ্চলে
পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট। এদিকে কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র
নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়েছে,
যুক্তরাষ্ট্রের হামলার জন্য তারা অপেক্ষা করবে না; প্রয়োজনে আগেই আঘাত হানবে।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগে হামলা চালানোর জন্য ইরান অপেক্ষা করে থাকবে না।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরি মোতায়েনের বিষয়টি
নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তাঁর ভাষ্য, বিমানবাহী 
রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সেখানে আগে থেকেই যুক্তরাষ্ট্রের
দুটি রণতরি অবস্থান করছে। নতুন রণতরিটি সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে মার্কিন সামরিক বাহিনীর
সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র
যতই আত্মবিশ্বাসী থাকুক না কেন, শেষ পর্যন্ত তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি অতীতের সামরিক অভিযানের উদাহরণ
টেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। তিনি লেখেন, অতীতের অভিজ্ঞতা ভুলে গেলে একই ঘটনার 
পুনরাবৃত্তি ঘটতে পারে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সর্বাত্মক হামলা শুরু
করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান। ইরানের
অনুমোদিত পথ ব্যবহার করে জাহাজ চলাচলের নির্দেশ দেওয়া হয়। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে
নিয়মিত লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী
তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল পরিবহনের
প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে চলাচল করত।

সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে
সব মাইন সরিয়ে ফেলা হয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ প্রণালি
দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ 
বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায়
হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ফিরে যাবে না।

**আরও পড়ুন:**

 * [বিভিন্ন কাজের জন্য উপযোগী এআই টুলের তালিকা](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97/)
 * [যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়: পুরনো সিস্টেম দায়ী, কয়েক ঘণ্টা বন্ধের পর পুনরায় চালু](https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a/)

## গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য

- Link: https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0/
- Published: 2026-11-16T11:15:49+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**নিজস্ব প্রতিবেদক**

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র
করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার মানুষের জানমাল,
সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (
বিজিবি)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানান বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান বলেন,
উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার
নতুন করে আরও তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলায় ছয় প্লাটুনের মোট ১৫০ 
জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের উদ্দেশ্য।

মাহমুদ হাসান আরও বলেন, রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে 
দুই হাজার বা তারও বেশি মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে সেখানে ঘেরাওয়ের মতো পরিস্থিতি
তৈরি হয় এবং নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হয়। তবে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের
মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, জেলায় যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি 
প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে
১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার
সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পর্যাপ্তসংখ্যক
মোবাইল টহল দল মোতায়েন থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এক মিনিটের জন্যও জাতীয় 
মহাসড়ক বন্ধ হয়নি।

ডিআইজি জানান, গোপালগঞ্জ সদর ছাড়াও জেলার চারটি পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার 
পাশাপাশি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশের
পাশাপাশি অন্যান্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে দায়িত্বে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতির ঝুঁকি পর্যালোচনা করে প্রতিদিন নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন
আনা হচ্ছে। আগামী দিনগুলোতেও সরকারি স্থাপনা, মানুষের জানমাল ও জননিরাপত্তা নিশ্চিত
করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহের কৃষি বিভাগে ১০০ পদ শূন্য, ব্যাহত হচ্ছে মাঠপর্যায়ের সেবা](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6/)
 * [ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/shailkupa/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/)

## ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81/
- Published: 2026-11-16T11:12:15+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ঝিনাইদহ প্রতিনিধি**

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নে যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলপ্রেমীদের
মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড
থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়
জামায়াত নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক আলাম।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ইউনিয়নের রাইচরণ-তারিণীচরণ ডিগ্রি কলেজ মাঠে তাঁর উদ্যোগে
যুবকদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।

এ সময় আজিজুল হক আলাম বলেন, খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা 
ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের
উদ্যোগ অব্যাহত রাখা দরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লিপু আহমেদ, ইউনিয়ন তারবিয়াত 
সেক্রেটারি হুজুর আলী, ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম এবং ১ ও ৬ নম্বর
ওয়ার্ড জামায়াতের সভাপতি সাহেব আলী ও মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

**আরও পড়ুন:**

 * [নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/)
 * [মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: আধুনিক কৃষি প্রযুক্তি শিখছেন ঝিনাইদহের কৃষক-কৃষাণীরা](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87/)
