# বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

- Link: https://www.jhenedarkagoj.com/agriculture-and-commerce/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%8b/
- Published: 2026-11-06T15:18:40+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**নিজস্ব প্রতিবেদক**

Thank you for reading this post, don't forget to subscribe!

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০
লাখ টাকা ঋণ দেওয়ার সুযোগকে কেন্দ্র করে প্রতারণায় নেমেছে একটি চক্র। ঋণ পাইয়ে দেওয়ার
আশ্বাস দিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা
করছে চক্রটি। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক
এ সতর্কতা জারি করে।

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি তাদের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির
আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী বিকাশসহ বিভিন্ন মোবাইল
ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

এতে আরও বলা হয়, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া
অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা ঋণ পাইয়ে
দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট 
সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক
পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ
বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো 
হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য
আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সবাইকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার এবং কোনো প্রলোভনে পড়ে
আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে।

এদিকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে‘
উদ্যোগ’ কর্মসূচি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট
৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া
এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মসূচির আওতায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণের সুযোগ রয়েছে। এর মধ্যে
১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার 
কথা বলা হয়েছে।

**আরও পড়ুন:**

 * [নাঈম-তামিমের বিদায়ে শুরুতেই চাপে বাংলাদেশ](https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%88%e0%a6%ae-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/)
 * [টিভিতে আজকের খেলা: ৬ নভেম্বর ২০২৬](https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%ac-%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d/)
