# যশোরে প্রথমবার ভ্যানিলা চাষে সফল সরোয়ার

- Link: https://www.jhenedarkagoj.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/
- Published: 2026-11-24T15:00:29+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

জেলা প্রতিনিধিThank you for reading this post, don't forget to subscribe! দেশে ধীরে ধীরে চলছে কৃষিতে নীরব বিপ্লব। কৃষি প্রযুক্তি ও চাষ পদ্ধতির বদলে পাল্টে গেছে চাষের ধরণ ও কৃষকের কৃষি ভাবনা-চিন্তা। ফলে চেনা কৃষিকাজের পরিচিত গণ্ডি ছাড়িয়ে যশোরের চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামে এখন জন্ম নিয়েছে এক ভিন্নধর্মী স্বপ্ন। পরিচিত ও প্রচলিত ধান, সবজি, ফল ফসলের ভিড়ে মাথা তুলে দাঁড়িয়েছে অর্কিড পরিবারের একমাত্র ভোজ্য ফল ভ্যানিলা বিনস। রান্না, বেকিং কিংবা সুগন্ধি তৈরিতে বিশ্বজুড়ে যার কদর অপরিসীম, সেই মূল্যবান ও দুষ্প্রাপ্য ফসল স্থানীয় মাটিতে ফলিয়ে সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য সরোয়ার হোসেন। খোঁজখবর নিয়ে জানাগেছে, উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের সরোয়ার হোসেন একজন পরিচ্ছন্ন ও সৌখিন মানুষ। কর্মজীবনে সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সুবাদে তিনি বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান। ভ্রমণকালে ইন্দোনেশিয়ায় অবস্থান করার সময় তাঁর চোখে পড়ে ভ্যানিলা চাষ। সেখানে কৃষকদের মাধ্যমে ভ্যানিলার গুরুত্ব শুনে তাঁর আগ্রহ জন্মায়। সেখান থেকে ভ্যানিলা বিনসের কাটিং সংগ্রহ করেন তিনি। দেশে ফিরে তিনি পাঁচ শতাংশ নিজ জমিতে সংগ্রহকৃত ভ্যানিলার কাটিং রোপণ করেন। আধো ছায়া আধো আলো মেহগনি গাছের (এক পাশ দিয়ে) নিকটে এই কাটিং লাগান। সেখানে ছায়াঘেরা আমের গাছও রয়েছে। কাটিং থেকে চারা গজানোর পর শুরু হয় নিবিড় পরিচর্যা ও ধৈর্যের পরীক্ষা। অবশেষে তিন বছর পর ভ্যানিলাতে ফল আসতে শুরু করে। ইতিমধ্যে প্রথম বারের মত তিনি ৮ থেকে ১০ কেজি ভ্যানিলা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। ভ্যানিলা চাষি সরোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি দাবি করেন যশোর অঞ্চলে তিনিই প্রথম ভ্যানিলা বিনসের চাষ করেছেন। একই সাথে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও যশোরের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি এই ফসল ফলিয়েছেন। ইতোমধ্যে গাছ থেকে ফল তুলে সেগুলো প্রক্রিয়াজাতকরণের কাজও শুরু করেছেন তিনি। তার এই ব্যতিক্রমী সাফল্য দেখে অত্র অঞ্চলের আশপাশের অনেক কৃষকও নতুন এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। চাষের অভিজ্ঞতা থেকে সরোয়ার হোসেন জানান, ভ্যানিলা বিনস মূলত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায়। সাধারণত ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ ফসলের জন্য উপযোগী বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ভ্যানিলা সরাসরি কড়া রোদের বদলে ৫০ থেকে ৬০ শতাংশ ছায়াযুক্ত পরিবেশে গাছ সতেজ থাকে ও ভালো ফলন দেয়। তিনি বলেন ভ্যানিলা চাষ কিছুটা শৌখিন ও পরিশ্রমসাধ্য। তবে দেশে এই চাষ করা সম্ভব। কৃষকরা আন্তরিক হলে এটি চাষ করতে পারবেন। তিনি বলেন ভ্যানিলা বিনসের দেশে ও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। প্রক্রিয়াজাত করার পর মান ভেদে এ, বি এবং সি ক্যাটাগরিতে ভ্যানিলা বিক্রি হয়। যার প্রতি কেজির দাম ৮ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে। এর মধ্যে এ ক্যাটাগরির প্রতি কেজি ভ্যানিলার দাম ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা, বি ক্যাটাগরি ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং সি ক্যাটাগরি ৮ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি সম্ভব। তিনি জানান তার ক্ষেত থেকে সংগৃহীত ভ্যানিলা সবই এ ক্যাটাগরি মানের হবে। স্থানীয় কৃষি অধিদপ্তর সরোয়ার হোসেনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। ইতিমধ্যে তার ভ্যানিলার চাষের খবর সংশ্লিষ্ট বিভাগ পর্যন্ত ছড়িয়েছে। ভ্যানিলা চাষের বিষয়ে কথা হয় উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইনের সাথে। তিনি জানান, আমরা খোঁজ নিয়ে জেনেছি যশোর জেলার মধ্যে সরোয়ার হোসেন প্রথম ভ্যানিলা বিনসের চাষ করেছেন। তিনি বলেন এটি অত্যন্ত সুগন্ধিযুক্ত প্রাকৃতিক মশলা। যা অর্কিড জাতীয় গাছের ফল ভ্যানিলা বিন থেকে পাওয়া যায়। খোলামেলা আলোচনায় তিনি জানান, মিষ্টিজাতীয় খাবার থেকে শুরু করে সুগন্ধি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে কেক, বিস্কুট, আইসক্রিম, দই, পুডিংসহ বিভিন্ন খাদ্যে ও পানীয় দ্রব্যে এটি ব্যবহার করা হয়। তিনি জানান, ভ্যানিলা চাষি সরোয়ার হোসেনের ক্ষেত তিনি পরিদর্শন করেছেন। কৃষি বিভাগ এই চাষ নিয়ে ভাবতে শুরু করেছে। একই সাথে এই চাষ কীভাবে বানিজ্যিকভাবে শুরু করা যায় সেবিষয়ে চিন্তাভাবনা চলছে। প্রসঙ্গতঃ ইতোমধ্যেই সরোয়ার হোসেনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক কৃষক নতুন এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তবে কৃষকদের সরকারিভাবে সহযোগিতা করা, প্রশিক্ষণ ও ভ্যানিলা কাটিং সরবরাহ করার দাবী জানিয়েছেন স্থানীয় কৃষকরা। চৌগাছার মাটিতে সরোয়ার হোসেনের এই উদ্যোগ শুধু একটি নতুন ফসলের পরিচয়ই করিয়ে দেয়নি, বরং বৈচিত্রময় ও উচ্চমূল্যের কৃষিতে নতুন গল্পও শুনিয়েছে। একই সাথে কৃষিতে নতুন সম্ভাবনার স্বপ্ন উঁকি দিতে শুরু করেছে। আরও পড়ুন: ঝিনাইদহ সদরে ৪ হাজার ৬৫০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে ছয়জনকে আটক করেছে বিজিবি এলাকা সম্পর্কে: ঝিনাইদহ জেলা (উইকিপিডিয়া)
